আলীকদমে জ্বালানি তেল কম দেওয়ায় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে মেসার্স মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রায়হানকে এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের আলীকদম গরু বাজার এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম। এ সময় আলীকদম থানা-পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার এবং মূল্যতালিকা না রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রায়হানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্য বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং মূল্যতালিকা প্রদর্শনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।