নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ২০০ পাহাড়ি
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম নাক্রাইপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনে এলাকার প্রায় ২০০ জন পাহাড়ি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি বিভিন্ন মৌসুমি ও পানিবাহিত রোগ প্রতিরোধে পরামর্শ দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ-এর নেতৃত্বে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। ঋতু পরিবর্তনের কারণে এ অঞ্চলে সাধারণত দেখা দেওয়া জ্বর, সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বাতব্যথা, অ্যালার্জি ও চর্মরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্পেইনে ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের বিষয়ে রোগীদের সচেতন করা হয়। এসব রোগের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়। সাধারণ অসুস্থতা নিয়ে আসা রোগীদেরও গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হয়। দুর্গম এলাকায় বসবাসের কারণে যেসব মানুষের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তাঁদের জন্য এ উদ্যোগ বিশেষ সহায়ক ভূমিকা রাখে।
চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল। এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জোন অধিনায়ক স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও শিক্ষার্থীদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এলাকার স্থিতিশীলতা বজায় রাখার পরামর্শ দেন। একই সঙ্গে উপস্থিত সবার সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন।
সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা। তাঁরা জানান, দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় অসুস্থ মানুষের উপকার হয়েছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার জন্য তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান।

চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এলাকার কয়েকটি অবকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন। তাঁরা নাক্রাইপাড়া ত্রিমোড়ে একটি সৌরবিদ্যুতের বাতি স্থাপন, নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ে একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অনুরোধ জানান। স্থানীয়দের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাতের বেলায় চলাচল, খাল পারাপার এবং বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে।
স্থানীয় জনগণের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনের এ মেডিকেল ক্যাম্পেইন দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদারের একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সিন্দুকছড়ি জোন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।