প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনটিই শোভা পায় না: স্পিকার হাফিজ উদ্দিন
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিজেদেরকে সংশোধন করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তাকে পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। একইভাবে, সোমবার সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনটিই শোভা পায় না।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনে যাওয়ার উদ্যোগটি ভালো ছিলো। তিনি পুলিশের ওপর গুলি বর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে তার নিজের হাতে অস্ত্র নেয়াটা ঠিক হয়নি, এটি তার পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। তার সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য রয়েছেন। প্রয়োজনে দলীয় কর্মীদেরকে ব্যবহার করেও তিনি এই কাজটি করতে পারতেন।
এ কারণেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তার উদ্যোগের বিষয়টি ইতিবাচক ছিল। এ কারণে সাধারণ মানুষ ভবিষ্যতে তার কাজের মূল্যায়ন করবেন।
তিনি বলেন, এই দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। অতীতে কোন রাজনৈতিক দলই নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপসহীন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।
গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য আপনারা পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সব সময় আপনাদের পাশে থাকব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ সময় কিছু লোক সাধু সাজার চেষ্টা করবে। এটাই ভোটার হওয়ার সার্থকতা, ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার সুযোগ পাবেন।
এসময় তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এর মধ্যে আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হলো। সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
স্পিকার বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। উৎসবের আনন্দ সবার জীবনে নতুন প্রেরণা বয়ে আনুক এবং বহুমাত্রিক সমাজ ও জীবনবোধকে আরও সমৃদ্ধ করুক।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।