শিক্ষা, চাকরি ও উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য দূর করে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি পিসিসিপির
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, চাকরি ও উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান বৈষম্য দূর করে পাহাড়ের সব জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। একই সঙ্গে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্বিবেচনা, সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে সমতা প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র তৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাঙামাটিতে পিসিসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব দাবি জানান।
পিসিসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রচলিত কোটা ব্যবস্থার কারণে বৃহৎ একটি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই শিক্ষা, চাকরি ও উন্নয়ন কর্মকাণ্ডে সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উপজাতি কোটার কারণে একটি জনগোষ্ঠী বিশেষ সুবিধা পাচ্ছে। অন্যদিকে বাঙালি ও কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বঞ্চিত হচ্ছে। একইভাবে পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে চাকরি, শিক্ষাবৃত্তি ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বণ্টনেও বাঙালি এবং কয়েকটি প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এ পরিস্থিতি নিরসনে বিদ্যমান ব্যবস্থার পর্যালোচনা করে যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে সুযোগ-সুবিধা বণ্টনের আহ্বান জানান বক্তারা।
দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পিসিসিপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা বিশেষ মর্যাদা কিংবা ফেডারেল কাঠামোর আওতায় স্বায়ত্তশাসনের যে দাবি তোলা হচ্ছে, তা বাংলাদেশের একক রাষ্ট্রকাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের অভিযোগ, এ ধরনের দাবি পাহাড়ে কথিত ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অংশ। দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রেখে পার্বত্য অঞ্চলের সব সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় সাজেকে অবরোধের নামে জনজীবনে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদ জানান বক্তারা। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল, জীবনযাত্রা ও স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র তৎপরতা, অবৈধ কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম এ আমিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার এবং যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন পিসিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, রাঙামাটি জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী।
অনুষ্ঠানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকা মহানগরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।