মহালছড়ির প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম শুরু, সেবা নিচ্ছেন পাহাড়ীরা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি-গুইমারা উপজেলার মধ্যবর্তী দূর্গম পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় সেনাবাহিনীর মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত কমিউনিটি ক্লিনিক হতে দুঃস্থ ও হত দরিদ্রের মাঝে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনীর চিকিৎসক দল। আর এতে সাড়া দিয়ে চিকিৎসা সেবা নিতে সেখানে ভিড় করছেন দূর্গম পাহাড়ের চিকিৎসা সেবা বঞ্চিত পাহাড়ী জনসাধারণ।

চিকিৎসা একটি মৌলিক চাহিদা। কিন্তু স্থানভেদে এটি মৌলিক চাহিদা থেকেও বেশি হয়ে দাঁড়ায়। পার্বত্য অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় চিকিৎসা ব্যবস্থা মানুষের কাছে সোনার হরিণের মতো। মহালছড়ি জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকার জনসাধারণের সপ্ন ছিল কমিউনিটি ক্লিনিক, তাদের এই সপ্নকে বাস্তবে রূপ দিয়েছে মহালছড়ি জোনের সেনাবাহিনীর ব্যক্তিগত উদ্যোগ, যার ফলশ্রুতিতে গত ১৩ জুন তারিখে পঙ্খীমুড়াতে একটি কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়।
উক্ত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম অব্যাহত রাখার জন্য থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহায়তায় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত শুক্রবার (২৫ জুন) একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে আরএমও ক্যাপ্টেন মোঃ রকিবুল করিম এবং মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মৃদুল কান্তি ত্রিপুরার মাধ্যমে ২৫০ জনেরও বেশী লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে বেশীর ভাগ লোক ছিলেন চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের চিকিৎসা বঞ্চিত পাহাড়ী।

দূর্গম এলাকায় সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারন। এছাড়াও উক্ত এলাকায় আগত দর্শনার্থীগণ বিস্ময়ের সাথে অভিব্যক্তি প্রকাশ করেন যে, সেনাবাহিনী আস্থার প্রতীক তা এই দুর্গম এলাকায় এরকম মেডিকেল ক্যাম্পেইন এবং জনসাধারণের জন্য কাজ করার মাধ্যমেই প্রকাশ পায়।
সূত্র জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দূর্গমতার কারণে সেভাবে গড়ে উঠেনি চিকিৎসালয়, উপজেলা ও ইউনিয়ন সদরে কিছু কমিউনিটি ক্লিনিক থাকলেও চিকিৎসক সংকটসহ নানা কারণে তা পাহাড়বাসীর চাহিদার তুলনায় অপ্রতুল।
এছাড়া, মাঝে মাঝে সেনাবাহিনীর বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হলেও চিকিৎসা সেবায় স্থায়ী কোন সমাধান পাচ্ছিলো না দূর্গম পাহাড়ের বাসিন্দারা। বিষয়টি মাথায় রেখে তাই এবার মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকার জনসাধারণের জন্য স্থায়ী ভাবে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কার্যক্রম শুরু করে মহালছড়ি জোন।
সূত্র জানায়, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি সেনা জোনসহ রিজিয়নের অধীনস্হ সকল জোন সমূহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চলমান রাখে। তারই ধারাবাহিকতায় গত ১৩ জুন রবিবার মহালছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে অত্র এলাকায় বসবাসরত সাধারণ পরিবার সমূহের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেনাবাহিনী জানায়, উক্ত কমিউনিটি ক্লিনিক হতে প্রাথমিক চিকিৎসা সেবাসহ মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীনস্থ জোন সমূহ করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ বেশ কিছু চিকিৎসা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে। ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।