খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্র জেলার মহালছড়ির ধুমনীঘাট নতুনপাড়া এলাকা থেকে অস্ত্রসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় মহালছড়ি উপজেলার ধুমনীঘাট নতুনপাড়া এলাকা হতে ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসী, অবৈধভাবে চাঁদা উত্তোলন ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী কল্প রঞ্জন চাকমাকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
এদিন, খাগড়াছড়ি রিজিয়ন অধিনস্ত মহালছড়ি জোন অধিনায়ক এর নেতৃত্বে এক বাড়িতে অভিযান চালিয়ে ধুমনিঘাট নতুন পাড়ার লাহেন্দ্র চাকমার ছেলে কল্প রঞ্জন চাকমাকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামসহ আটক করে। এসময় সেখান থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, নগদ ৪ হাজর ৭ শত ৩০ টাকা, ২টি মোবাইল ফোন (বাটন), ১টি ব্যাগ, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামোনিশন এবং নথিপত্রসহ মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহালছড়ি জোন অধিনায়ক বলেন, ইউপডিএফ (প্রসীত) এর সশস্ত্র সদস্যরা সম্প্রতি অত্যন্ত গোপনীয়তার সাথে অত্র জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, এই মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র জোন কর্তৃক নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অত্র জোন কর্তৃক টহল পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়।
উক্ত কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং পরিকল্পনাকারীদেরকে জোনের আওতাধীন এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না এবং এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।