শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল - Southeast Asia Journal

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আজ শুক্রবার শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি। রনিলের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ব্যাপক জনবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৭৩ বছর বয়সী রনিল। আজ পার্লামেন্টে স্পিকার প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

গোতাবায়া রাজাপক্ষে গত বুধবার ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। আজ সে পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্লামেন্ট স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগের কাজ শেষ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

স্পিকার তাঁর ঘোষণায় বলেন, ‘শ্রীলঙ্কার সংবিধানের ৩৮.১ (বি) ধারা অনুযায়ী আমি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করেছি।’ ঘোষণা অনুযায়ী, ১৪ জুলাই ২০২২ থেকে এ পদত্যাগপত্র কার্যকর হচ্ছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট তাঁর দায়দায়িত্ব থেকে আইনত পদত্যাগ করেছেন।

এমন পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। এ সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন। সে সময় প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনার ক্ষমতা তাঁর কাছে থাকবে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। মালদ্বীপ থেকে গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর যান গোতাবায়া। স্থানীয় সময় গতকাল সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।