জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমারের পরিস্থিতি নিয়ে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দি মুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টিকে এতে প্রাধান্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানিয়েছে।
রেজুলেশনটির ওপর ভোট আহ্বান করা হলে তা ১২-০ ভোটে অনুমোদিত হয়। ভোট পর্বে এই প্রস্তাবনার বিপক্ষে কোনো সদস্য ভেটো দেয়নি। তবে চীন, ভারত ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিলো। ভোট দেওয়া শেষে সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, মেক্সিকো, গ্যাবন ও নরওয়ে তাদের বক্তব্যে রেজুলেশনে রোহিঙ্গা সংকটের বিষয়টি অন্তর্ভুক্তির প্রশংসা করে এই সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের জোরালো ভূমিকার দাবি জানায়।
রেজুলেশনটি উত্থাপনের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের স্থায়ী মিশন জানায়, এই রেজুলেশন রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রতি জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গটির শক্তিশালী সমর্থনেরই বহিঃপ্রকাশ। রাশিয়া-ইউক্রেন সংকটসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে গৃহীত রেজুলেশনটি রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আরও সুসংহত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
মিয়ানমার কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে আট লাখের বেশিসহ এই পর্যন্ত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা লোকজন বাংলাদেশে প্রবেশ করে। সরকার তাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়। শুরু থেকেই তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য জোরালো দাবি জানানো হচ্ছে। এই প্রস্তাবনা অনুমোদনের ফলে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টি নিরাপত্তা পরিষদের নিয়মিত কার্যকলাপের অংশ হয়ে গেলো। একইসঙ্গে এটি রোহিঙ্গা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে বাংলাদেশের এই সংক্রান্ত অব্যাহত প্রচেষ্টাকে ত্বরান্বিত ও আরও শক্তিশালী করবে।