ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিজিবি মহাপরিচালকের - Southeast Asia Journal

ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিজিবি মহাপরিচালকের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ঘুমধুম সীমান্ত পরিদর্শনের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একটি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। এ সময় তিনি ঘুমধুম সীমান্তবর্তী বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে বিজিপির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ক্যাউ নাইনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে এ মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সাক্ষাতের সময় তিনি আসন্ন চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে বিজিপি সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়কসহ বিজিবি, বিজিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবির বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। ওই সময় তিনি সব পর্যায়ের কর্মকর্তা এবং সৈনিকের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। একই সঙ্গে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।

You may have missed