‘ইন্ডিয়া’র চেয়ারপারসন করা হলো মল্লিকার্জুন খড়গেকে
![]()
নিউজ ডেস্ক
ভারতে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র শনিবারের ভার্চুয়াল বৈঠক থেকে চেয়ারপারসন করা হলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে। এদিনের অন্যতম আলোচ্য বিষয় ছিল একজনকে আহ্বায়ক বা চেয়ারপারসন ঠিক করা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আহ্বায়ক বা চেয়ারপারসনের ব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল কয়েক দিন ধরে।
কিন্তু সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নীতীশের নাম প্রস্তাবিত হলেও, তিনি অস্বীকার করেন। তিনি বলেন, কংগ্রেসের কেউ এই দায়িত্ব নিক।
এদিকে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ রাজের শাসকদল তৃণমূল। তবে চেয়ারপারসন হিসাবে খড়গের নাম প্রকাশ্যে আসতেই দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, ‘এটাই তো আমাদের নেত্রী মমতা বলেছিলেন।
তা হলে এত দিন ধরে জলঘোলা করে লাভ কী হলো?’
গণমাধ্যমটি বলেছে, ‘ইন্ডিয়া’র আগের বৈঠক হয়েছিল গত ১৯ ডিসেম্বর। যদিও সেই বৈঠক ছিল মুখোমুখি। সেখানে মমতা প্রস্তাব দিয়েছিলেন, খড়গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। মমতার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
যদিও সেখানে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে একাধিক দলের দাবি ছিল, একজনকে আহ্বায়ক বা চেয়ারপারসন করা হোক। তাতে বৈঠক ডাকা ‘ইন্ডিয়া’ভুক্ত দলগুলোর সঙ্গে সমন্বয় রাখার ক্ষেত্রে সুবিধা হবে।
অবশেষে সেই দায়িত্ব কংগ্রেস সভাপতিকেই দেওয়া হলো। অর্থাৎ কোনো আঞ্চলিক নেতাকে সেই পদে বসানো হলো না।
সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতাকেই বেছে নেওয়া হলো ‘ইন্ডিয়া’র চেয়ারপারসন হিসেবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় জানা যায়, ‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈঠক হবে শনিবার। রাতে তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন না। কারণ, আগাম বৈঠকের কথা জানানো হয়নি। এমনকি ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি।
আনন্দবাজার আরো বলেছে, শনিবারের বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। কিন্তু তার যে খুব অগ্রগতি হয়েছে তেমন খবর নেই। বরং, যেখানে বিষয়টি দাঁড়িয়েছিল, সেখানেই রয়েছে। যদিও কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির দ্বিপক্ষীয় আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন আপের এক প্রতিনিধি। সেখানে দিল্লি ও পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। শনিবারের বৈঠকে যোগ দিয়েছিলেন কেজরিওয়ালও। তবে সারা দেশে আসন সমঝোতা কবে চূড়ান্ত হবে, সেটাই এখন ‘ইন্ডিয়া’র অভ্যন্তরে কোটি টাকার প্রশ্ন।
এনডিটিভি অনুসারে, ‘ইন্ডিয়া’ বা ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ হলো কংগ্রেসসহ ভারতের বিরোধী দলগুলোর একটি গ্রুপ। দলগুলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বিরুদ্ধে লড়াই করতে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলটিকে টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়ে কেন্দ্রীয় সরকার গঠনে বাধা দেওয়ার জন্য একত্র হয়েছে।