শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর লংগদু জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সেনাবাহিনীর লংগদু জোন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় লংগদু জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় লংগদু উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন। দেশের বর্তমান পরিস্থিতিতে স্থানীয়ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

তিনি অংশগ্রহণকারীদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “মাদক, চাঁদাবাজিসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে এবং জোনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেবনাথ, বিএনপির উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তি ও উন্নয়নের পথে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।