সমন্বিত উদ্যোগেই বাঘাইছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব- মারিশ্যা জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মতবিনিময় ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদর এলাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
সভায় জোন অধিনায়ক বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও সার্বিক উন্নয়নের স্বার্থেই বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকালীন সময়ে সহিংসতা, নাশকতা, গুজব বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে তথ্য আদান-প্রদান জোরদার, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় রাখা এবং যৌথ টহল কার্যক্রম বাড়ানো হবে। পরিশেষে জোন কমান্ডার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ মতবিনিময় সভায় জেলা প্রশাসকের রাঙামাটি জেলার প্রতিনিধি, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর সহকারী পরিচালক, বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সভায় অংশ নেন।
প্রসঙ্গত, পার্বত্য এলাকার বাস্তবতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগকে নিরাপদ ও শঙ্কামুক্ত নির্বাচন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।