নিজ পাড়ায় ফিরল মিজোরামে পালিয়ে যাওয়া বম পরিবার, সেনাবাহিনীর মানবিক সহায়তা

নিজ পাড়ায় ফিরল মিজোরামে পালিয়ে যাওয়া বম পরিবার, সেনাবাহিনীর মানবিক সহায়তা

নিজ পাড়ায় ফিরল মিজোরামে পালিয়ে যাওয়া বম পরিবার, সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর অত্যাচারে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তা ও তত্ত্বাবধানে ভারতের মিজোরাম রাজ্য থেকে দেশে এসে নিজ পাড়ায় ফিরেছেন একটি বম পরিবারের ছয় সদস্য। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে আগমন শেষে সেনাবাহিনীর কাছ থেকে মানবিক সহায়তা গ্রহণ করে বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারটি নিজ গন্তব্য শেরকর পাড়ার উদ্দেশ্যে রওনা হয়।

জানা যায়, আজ বিকেল ৫টার দিকে মিজোরাম থেকে আগত থানচি উপজেলার শেরকর পাড়ার বাসিন্দা সুনখপ বম (৮০), তার স্ত্রী ঙনতিন বম (৭০), তাদের পুত্র মাইক্যাল থাং বম (৩৫), পুত্রবধূ জিংরুন পার বম (৩০) এবং নাতনি এমিলী পার বম (১২) ও ঠানেম ময় বম (৬) সহ একই পরিবারের মোট ছয়জন সদস্য বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে উপস্থিত হন।

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ১৬ ই বেংগল-এর তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে তাদের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয় এবং মানবিক সহায়তার অংশ হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

নিজ পাড়ায় ফিরল মিজোরামে পালিয়ে যাওয়া বম পরিবার, সেনাবাহিনীর মানবিক সহায়তা

সেনা ক্যাম্প কর্তৃপক্ষ পরিবারটির মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি আটা, ১ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ এবং ৪০০ গ্রাম চা পাতা হস্তান্তর করে। সহায়তা কার্যক্রম শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিকেলেই পরিবারটিকে নিজ পাড়ায় যেতে সহায়তা করা হয়।

সূত্র আরও জানায়, উক্ত বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারটি গতবছরের ৫ ফেব্রুয়ারি তারিখে কেএনএফের নানাবিধ অত্যাচার, হুমকি ও তাদের বিরুদ্ধে চলমান নিরাপত্তাবাহিনীর অভিযানের প্রেক্ষিতে আতঙ্কিত হয়ে নিজ পাড়া ত্যাগ করে ভারতের মিজোরামে চলে যায়। সেখানে দীর্ঘ সময় অনিশ্চিত অবস্থায় বসবাসের পর বম সোশ্যাল কাউন্সিলের সহায়তায় তারা পুনরায় বাংলাদেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করে।

এরপর গত ২৬ জানুয়ারি (সোমবার) তারা দেশে ফিরে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের পরিস্থিতি ও গ্রামে ফিরে যাওয়া সংক্রান্ত বিষয় অবহিত করেন। এর পর থেকে পরিবারটি বান্দরবান সদর এলাকার ফারুক পাড়ায় অবস্থান করছিল।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য জেলা বান্দরবানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভ্রান্ত হয়ে সীমান্ত অতিক্রমকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সেনাবাহিনী নিয়মিতভাবে সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও নিরাপত্তাজনিত কারণে সীমান্ত অতিক্রমকারী পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরাতে সেনাবাহিনীর এই ধরনের মানবিক ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।