কোনও অবস্থাতেই সেনাবাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা যাবে না: সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
জাতীয় নির্বাচন ও গণভোটকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া উল্লেখ করে জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই সেনাবাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা যাবে না।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।
রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফরকালে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।
সফরকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি এই সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) একটি বিশেষ বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিওসি আর্টডক, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার, এনটিএমসি মহাপরিচালক, যুব ও ক্রীড়া সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এছাড়াও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।