নিউমুরিং টার্মিনাল লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির, সংবাদ সম্মেলন

নিউমুরিং টার্মিনাল লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির, সংবাদ সম্মেলন

নিউমুরিং টার্মিনাল লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির, সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

রোববার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এসব বক্তব্য দেন। তারা বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কনটেইনার টার্মিনাল নিউমুরিং টার্মিনাল আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমনে শ্রমিক নেতাদের বদলি ও প্রশাসনিক চাপ প্রয়োগের অভিযোগও তোলেন তারা।

নিউমুরিং টার্মিনাল লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির, সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বলা হয়, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল টার্মিনাল অপারেটর হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে ৩০ থেকে ৪০ বছরের জন্য কনসেশনিয়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। এতে দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি নিয়ন্ত্রণে চলে গেলে অর্থনৈতিক ক্ষতি, মন্দা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির নেতারা দাবি করেন, দেশীয় ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরে প্রতি কনটেইনারে যেখানে গড়ে ১৬১ থেকে ১৬৭ মার্কিন ডলার রাজস্ব পাওয়া যায়, সেখানে বিদেশি কনসেশনে দিলে আনুমানিক ২০ থেকে ৩০ ডলার পাওয়া যাবে। ফলে শুধু কনটেইনার হ্যান্ডলিং থেকেই বছরে কয়েকশ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এছাড়া উন্মুক্ত দরপত্র ছাড়াই এবং দেশীয় প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে চুক্তি সম্পাদনের চেষ্টা অনৈতিক বলে মন্তব্য করেন তারা।

নিউমুরিং টার্মিনাল লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির, সংবাদ সম্মেলন

নেতৃবৃন্দ আরও বলেন, সিঙ্গাপুর পোর্টের মতো চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাবে রূপান্তরের পরিবর্তে দেশি-বিদেশি লবিস্টরা বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি সিন্ডিকেটের হাতে তুলে দিতে চাইছে। তাদের দাবি, ডিপি ওয়ার্ল্ডসহ বড় আন্তর্জাতিক অপারেটররা কখনোই চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়া হলে তা আঞ্চলিক ও বহুপাক্ষিক ভূরাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলতে পারে। একই সঙ্গে ‘সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দর বিদেশিরা চালায়’—এমন বক্তব্যকে বিভ্রান্তিকর প্রচারণা বলে উল্লেখ করে তারা বলেন, বাস্তবে ওই দেশগুলোতে কোনো কনটেইনার টার্মিনাল এককভাবে বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়নি।

সংগঠনটির আহবায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহবায়ক মুহিউদ্দিন রাহাত ও দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লিজ প্রক্রিয়া থেকে অনতিবিলম্বে সরে আসতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

প্রসঙ্গত, নির্বাচন সামনে রেখে কৌশলগত স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো নিয়ে এমন সিদ্ধান্ত ঘিরে জনমনে প্রশ্ন ও বিতর্ক বাড়ছে, যা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।