দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ, নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকার
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেছেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল আমিন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কমিশনারের সঞ্চালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বক্তব্য প্রদানকালে জোন অধিনায়ক বলেন, ভোট গ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বদা ভোট গ্রহণকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের পাশে থাকবে।

তিনি জানান, নিয়মিত টহল ও প্রাত্যহিক অভিযানের পাশাপাশি দীঘিনালা জোনের আওতাধীন প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে টহলে নিয়োজিত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
লেঃ কর্নেল মোঃ আল আমিন আরও বলেন, সকল ভোটার এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা দীঘিনালা জোনের সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনকালীন সময়ে যেকোনো পরিস্থিতিতে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
বক্তব্যের শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের দুর্গম ও সংবেদনশীল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত প্রস্তুতি জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।