রামগড়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়: সেবায় স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনে জোর
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবাপ্রদান নিশ্চিত করতে হবে। স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন ও হালনাগাদ পরিস্থিতি পর্যালোচনা করে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নাগরিক সেবার ডিজিটালাইজেশন এবং নিয়মিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য প্রশাসনিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এর আগে বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।