খাগড়াছড়িতে বাঙ্গালি মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
![]()
নিউজ ডেস্ক
ভাড়ায় যাত্রী নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় আসার পথে এক বাঙ্গালি মোটরসাইকেল চালক নিখোঁজ হওয়ার পর তার মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ ব্যক্তি মো. আজম (২৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকার দাঁতমারা একতাপুর গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে দাঁতমারা বাজার থেকে এক উপজাতি যাত্রীকে নিয়ে ভাড়ায় লক্ষীছড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর সকাল ১১টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরিবার জানায়, দুপুর ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভুজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের দাবি, রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ আজমের মোবাইল নম্বর থেকে একটি কল আসে। ফোন রিসিভ করলে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পাহাড়ের উপজাতি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্য পরিচয় দিয়ে জানান, আজমকে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে কলটি কেটে দেওয়া হয়।
রাত ১১টার দিকে একই নম্বর থেকে আবার কল করে মুক্তিপণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে অবস্থান জানতে চাইলে অজ্ঞাত ওই ব্যক্তি গুইমারার সিন্দুকছড়ির একটি অজ্ঞাত স্থানে রাখার কথা জানায় বলে স্বজনদের দাবি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছেন। নিখোঁজ ব্যক্তিকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা।
উল্লেখ্য, পার্বত্যরচট্টগ্রামের সড়কপথে মাঝে মাঝে উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।