ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক
![]()
নিউজ ডেস্ক
ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ জন রোহিঙ্গাকে সন্দ্বীপে আটকের পর প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এ রোহিঙ্গাদের আটক করে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞা ও দমন-পীড়নের মুখে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে ভাসানচরের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হয়। বেশ কয়েকদফায় কয়েক হাজার রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়েছে।
ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে রোহিঙ্গাদের পালানোর ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। পালিয়ে যাওয়ার সময় সাগরে নৌকা ডুবে মৃত্যুর খবর এসেছে।
সন্দ্বীপের স্থানীয় সাংবাদিকরা বলছেন, শুক্রবার রাতে আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে। তাদের সন্তোষপুর বেড়িবাঁধ এলাকায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও ২৩ জন শিশু-কিশোর রয়েছে।
সন্দ্বীপ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “রোহিঙ্গাদের উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি।”
আটককৃতদের উপজেলা প্রশাসনের সহায়তায় সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে তুলে ধরে তিনি বলেন, তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।