দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে মাঠ জরিপ শুরু, মে মাসেই আসছে চূড়ান্ত ঘোষণা

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে মাঠ জরিপ শুরু, মে মাসেই আসছে চূড়ান্ত ঘোষণা

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে মাঠ জরিপ শুরু, মে মাসেই আসছে চূড়ান্ত ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ইতোমধ্যে সম্ভাব্য বেশ কয়েকটি সুউচ্চ শৃঙ্গের উচ্চতা পরিমাপ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবান শহরের সার্কিট হাউস কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সার্ভে অধিদপ্তরের ৪টি বিশেষজ্ঞ দল মোট ২৭ জন সার্ভেয়ার নিয়ে গত ৪ এপ্রিল থেকে এই জরিপ কার্যক্রম শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত যোত্লাং পাহাড়, কেওক্রাডং, তাজিংডং ১ ও ২, সাফাহাপং ১ ও ২ এবং যোগিহাপংসহ ৮টির বেশি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে মতপার্থক্য থাকায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার বলেন, আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল তথ্য সংগ্রহ করা হচ্ছে। চলমান জরিপ কার্যক্রম দ্রুত শেষ করে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে দেশের ভৌগোলিক তথ্যভান্ডার সমৃদ্ধ হবে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো. বশির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিভিন্ন শৃঙ্গের নাম আলোচনায় থাকলেও নির্ভুল ও সরকারি স্বীকৃত তথ্যের অভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছিল। এই জরিপের মাধ্যমে সেই দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।