রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ
![]()
নিউজ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে অংশ নিয়ে উৎসবে ভিন্নমাত্রা যোগ করেন।

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্টরা।

সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর মানুষের উপস্থিতি দেখা যায়। নারীদের পোশাকে লাল-সাদা শাড়ির প্রাধান্য ছিল, আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অংশ নেন তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে।
পরে শহীদ আব্দুল আলী মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে আবহমান বাংলার সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যও তুলে ধরা হয়।
এদিকে বাংলা নববর্ষকে ঘিরে শহরে বসেছে লোকজ মেলা। সেখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও বিভিন্ন সামগ্রীর দোকান বসে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করেছে।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাঙামাটিতে নানা আয়োজনের মাধ্যমে বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির এক মিলনমেলা তৈরি হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।