টাকার অভাবে এসএসসি পরীক্ষা অনিশ্চিত, ইশিকা চাকমার পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত পার্বত্যমন্ত্রীর
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় অর্থাভাবে এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়া শিক্ষার্থী ইশিকা চাকমার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী ইশিকার পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, “টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ হওয়া আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে—এটাই সরকারের অঙ্গীকার।”

তিনি আরও জানান, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যা শিক্ষা সহায়তায় ব্যবহৃত হবে।
ইশিকা চাকমা বরকল উপজেলার জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি ভূষণছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত জারুলছড়ি এলাকায়। উপজেলা সদরে গিয়ে পরীক্ষা দিতে যাতায়াতসহ আনুমানিক ৭ হাজার টাকার প্রয়োজন ছিল, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। ফলে সে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।
বিষয়টি জানার পর মন্ত্রী দীপেন দেওয়ান তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর পাশে দাঁড়ান এবং তার পরীক্ষার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন।

তিনি ইশিকাকে আশ্বস্ত করে বলেন, “তোমার স্বপ্ন থেমে যাবে না। তোমার পড়াশোনার দায়িত্ব আমরা নেব।”
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, তিনি নিজেও সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিচার বিভাগে (বিসিএস জুডিশিয়াল সার্ভিস) যোগ দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাও পারবে, মন দিয়ে পড়াশোনা করো, সরকার তোমাদের পাশে আছে।”
সভায় বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কার্যক্রম শুরুর বিষয়েও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, বিজিবির বরকল জোন (৪৫ বিজিবি) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ফারহাত আন নাঈমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।