ভ্রান্ত তথ্য মোকাবিলায় জাতিসংঘে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
![]()
নিউজ ডেস্ক
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনে ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৭ এপ্রিল) সাধারণ বিতর্কে অংশ নিয়ে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
অধিবেশনে বক্তব্যে তিনি বলেন, ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বিশ্বজুড়ে বিভাজন বাড়াচ্ছে এবং সামাজিক আস্থা ক্ষুণ্ণ করছে। এ প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। একইসঙ্গে শান্তিরক্ষা বিরোধী অপপ্রচার প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিবেশগত দায়বদ্ধতা জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতির মতো ইস্যুতে বিভ্রান্তিমূলক তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই সঠিক তথ্য প্রচার, যাচাইকরণ এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
অধিবেশনের শেষাংশে জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, তথ্যের সঠিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এখন সময়ের অন্যতম প্রধান দাবি হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।