‘সবুজ সোনা’য় ভর করে এগোচ্ছে রাঙামাটি, বাঁশে জমজমাট পাহাড়ের অর্থনীতি
![]()
নিউজ ডেস্ক
চেঙ্গী নদীর বুক চিরে ভেসে আসে বাঁশের বিশাল ভেলা। ইঞ্জিনচালিত নৌকায় পাহাড়ের গভীর বনাঞ্চল থেকে কুতুকছড়ি বাজারে পৌঁছাতে পৌঁছাতে গড়িয়ে যায় দুপুর। বাজারজুড়ে তখন কোলাহল—মুলি, ওরা, মিতিঙ্গা, ডুলু—নানা প্রজাতির বাঁশে সরগরম হয়ে ওঠে হাট। প্রতিদিনের এই দৃশ্যই যেন জানান দিচ্ছে, রাঙামাটির অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে পাহাড়ের ‘সবুজ সোনা’—বাঁশ।
বন বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিবছর রাঙামাটি জেলা থেকে প্রায় দুই কোটি বাঁশ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে সংগ্রহ হয়েছে ১ কোটি ৮৬ লাখেরও বেশি বাঁশ, যা থেকে সরকারের রাজস্ব এসেছে প্রায় চার কোটি টাকা। তবে বাজারমূল্যে এই বাঁশের আর্থিক মূল্য শতকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং, শিজক ও নাড়াইছড়ির সংরক্ষিত বনাঞ্চল থেকে সবচেয়ে বেশি বাঁশ সংগ্রহ করা হয়। এছাড়া কাউখালী, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলায় বিস্তৃত রয়েছে বাঁশের বাগান। এই পুরো প্রক্রিয়ায় জড়িত রয়েছেন হাজারো মানুষ—পাহাড়ে বাঁশ কাটেন শ্রমিক, নদীপথে ভেলা তৈরি করেন মাঝিরা, আর বাজারে তা বিক্রি করেন আড়তদাররা। ফলে এই খাতটি শুধু পণ্য উৎপাদন নয়, বরং বৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে সম্ভাবনার এই খাতে রয়েছে নানা প্রতিবন্ধকতাও। স্থানীয় ব্যবসায়ী আবুল হাসান জানান, বাজারে চাহিদা থাকলেও অতিরিক্ত কর ও পরিবহনসংক্রান্ত জটিলতায় প্রত্যাশিত লাভ হচ্ছে না। অন্যদিকে চাষি সময় চাকমার অভিযোগ, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা না পাওয়ায় উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না।
রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, শুধু কাঁচা বাঁশ বিক্রি করে এই শিল্পের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাবে না। তিনি মনে করেন, বাঁশভিত্তিক আসবাবপত্র ও হস্তশিল্প কারখানা গড়ে তোলা গেলে এই খাত আরও বহুমাত্রিক হয়ে উঠবে এবং পাহাড়ি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
প্রসঙ্গত, প্রাকৃতিক সম্পদনির্ভর এই বাঁশ শিল্পকে ঘিরে পরিকল্পিত বিনিয়োগ, আধুনিকায়ন ও নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে রাঙামাটির অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।