খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, কৃষিক্ষেত্রে ঝড়-বৃষ্টির ক্ষতি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হয়নি। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও সারাদিনই আকাশ ছিল মেঘলা। তবে আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যেই জেলার বিভিন্ন উপজেলায় টানা বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও লক্ষীছড়ি, রামগড় ও মানিকছড়িসহ বিভিন্ন উপজেলায় গত ৪ থেকে ৫ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে মোবাইল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, গত মঙ্গলবারের দমকা হাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ ভেঙে পড়ে খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংযোগ পুনঃস্থাপনে সময় লাগছে।
এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে লক্ষীছড়ি উপজেলায় গতকাল ও আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
অন্যদিকে, হঠাৎ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রভাবে কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের বোরো ধানের জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দমকা হাওয়ায় ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, প্রায় ৮ শতাধিক হেক্টর জমির বোরো ধান, আম বাগানসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ বিভ্রাট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিকে যেমন জনজীবনে ভোগান্তি বাড়ছে, অন্যদিকে কৃষকের ক্ষতি বাড়ায় উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।