বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার শনিবার সকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন। এসময় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সহকারী হাইকমিশনার বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম, সীমান্ত বাণিজ্যের উন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেসব জটিলতা রয়েছে, তা ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু থাকলেও এখানে নিষিদ্ধ রয়েছে, সেগুলো চালুর বিষয়ে কাজ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি বিজনেস ভিসাসহ বিভিন্ন ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে অংশ নেওয়া সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক প্রতিনিধিরা জানান, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য স্থলবন্দরে আমদানি-রপ্তানি হয় কিন্তু বুড়িমারী দিয়ে হয় না, সে বিষয়টি সহকারী হাইকমিশনারকে অবহিত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধান হবে।

পরিদর্শনের একপর্যায়ে তিনি বন্দর চেকপোস্টের শূন্যরেখায় গিয়ে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, পরিদর্শনকালে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে সহকারী হাইকমিশনার বন্দর এলাকা ত্যাগ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয়, যা আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *