খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া আটক, পাঠানো হলো কারাগারে

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া আটক, পাঠানো হলো কারাগারে

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া আটক, পাঠানো হলো কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে সাদা পোশাকে পুলিশের হাতে আটক হওয়ার একদিনের মাথায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক জীতেন বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক মহলে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মামলায় জড়িয়ে অন্তত আধাডজন সাংবাদিক ‘কঠিন সময়’ পার করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা ও হামলার আশঙ্কায় কয়েকজন সাংবাদিক আত্মগোপনে রয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৮ মে) বিকেলে আদালতের মাধ্যমে জীতেন বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, সময় টিভির স্টাফ রিপোর্টার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৭ মে) রাতে মোটরসাইকেলে চলার সময় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে জোরপূর্বক একটি পুলিশ ভ্যানে তুলে নেয়। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া দুটি জিআর মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।

এদিকে জীতেন বড়ুয়ার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে International Federation of Journalists, South Asia Journalists Federation এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম। সংগঠনগুলোর পক্ষে বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল এক বিবৃতিতে জীতেন বড়ুয়ার মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খাগড়াছড়িতে বহু পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় শুধু জেলার সাংবাদিক নন, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত কয়েকজন পরিচিত সাংবাদিককেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জীতেন বড়ুয়ার স্বজন ও সহকর্মীরা জানান, তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার মধ্যে চারটি পাঁচ থেকে সাত বছর আগের বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ-সংক্রান্ত ঘটনায় দায়ের করা। অপর মামলাটি গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক সাংবাদিকের বিরুদ্ধে একডজন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৬ অক্টোবর খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ‘মব’ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে নিম্ন আদালতে দীর্ঘ সময় জামিন না পেয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। সাড়ে পাঁচ মাস পর জামিন পেলেও আরও কয়েকটি মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে মোট সাড়ে নয় মাস কারাভোগ করতে হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, বর্তমানে অনেক সাংবাদিক মামলা ও হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। খাগড়াছড়ির একটি মামলায় ঢাকার সাংবাদিক মামুন আব্দুল্লাহ-কেও আসামি করা হয়েছে। এছাড়া শাহরিয়ার ইউনুছ, আবু দাউদ, অপু দত্ত এবং শঙ্কর চৌধুরী-ও বিভিন্ন মামলায় চাপের মধ্যে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

দীঘিনালায় চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় আজকের পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু বক্কর সিদ্দিক, রামগড় প্রতিনিধি বেলাল হোসেন এবং দীঘিনালা প্রতিনিধি আকতার হোসেনকে আসামি করা হয়েছিল। পরে পিবিআই তদন্তে তাঁরা অব্যাহতি পান বলে জানা গেছে। একই মামলায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাংবাদিক তোফায়েল ও রিয়াদসহ খাগড়াছড়ির আরও দুই সাংবাদিক চার মাস কারাভোগ করেছেন বলেও দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সাংবাদিক বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো যাচাই-বাছাই করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের নির্দেশনা দেওয়া হলেও খাগড়াছড়িতে এখনো তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

তাঁদের ভাষ্য, সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন এবং হয়রানিমূলক মামলা বন্ধে সরকারের উচ্চপর্যায়ের কার্যকর নজরদারি জরুরি হয়ে পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।