বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও সাম্প্রদায়িক উসকানিতে অভিযুক্ত ভারতের ‘জি নিউজ’, জরিমানা ও তিরস্কার

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও সাম্প্রদায়িক উসকানিতে অভিযুক্ত ভারতের ‘জি নিউজ’, জরিমানা ও তিরস্কার

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও সাম্প্রদায়িক উসকানিতে অভিযুক্ত ভারতের ‘জি নিউজ’, জরিমানা ও তিরস্কার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ‘জি নিউজ’-এর বিরুদ্ধে সম্প্রচার নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির স্ব-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি (এনবিডিএসএ)। বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়ানো, মুসলিম বিদ্বেষী উস্কানিমূলক অনুষ্ঠান প্রচার এবং এক শোকগ্রস্ত মায়ের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো তিনটি গুরুতর অভিযোগে চ্যানেলটিকে ২৫,০০০ টাকা জরিমানা ও তীব্র তিরস্কার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং এনবিডিএসএ-এর চেয়ারম্যান জাস্টিস এ.কে. সিক্রির নেতৃত্বে এই নির্দেশগুলো জারি করা হয়। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, জি নিউজ সাংবাদিকতার ন্যূনতম শালীনতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের নীতি চরমভাবে লঙ্ঘন করেছে।

বাংলাদেশে মন্দির ভাঙার ভুয়া খবরের জন্য সতর্কতা

বাংলাদেশকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য জি নিউজকে কঠোরভাবে সতর্ক করেছে এনবিডিএসএ। চ্যানেলটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি কালী প্রতিমা বিসর্জনের পারিবারিক আচার-অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে দাবি করেছিল—বাংলাদেশের মুসলিমরা হিন্দু মন্দির ভাঙচুর ও অপবিত্র করছে।

পরবর্তীতে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ‘অল্ট নিউজ’ এই ভুয়া খবরটি হাতেনাতে ধরে ফেলে। শুনানিতে জি নিউজ তাদের দাবির পক্ষে কোনো প্রমাণই উপস্থাপন করতে পারেনি। এই প্রসঙ্গে সংস্থাটি ক্ষোভ প্রকাশ করে বলে: “সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ও ভিন্ন জায়গার একটি ভিডিও প্রচার করে জি নিউজ সাংবাদিকতার ‘সততা ও নির্ভুলতা’-র মূল নীতি লঙ্ঘন করেছে।”

কানওয়ার যাত্রা নিয়ে মুসলিম বিদ্বেষী প্রচারণার তীব্র নিন্দা

২০২৫ সালের জুলাই মাসে দিল্লির কানওয়ার যাত্রার রাস্তায় কিছু কাঁচের টুকরো পাওয়াকে কেন্দ্র করে জি নিউজ একটি ৫৫ মিনিটের উস্কানিমূলক বিতর্ক অনুষ্ঠান আয়োজন করে। সেখানে বিষয়টিকে মুসলিমদের একটি “বড় ষড়যন্ত্র” হিসেবে উপস্থাপন করা হয়। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ভুয়া ছবিও দেখানো হয়, যেখানে একজন মুসলিম ব্যক্তিকে খাবারে ও জুসে থুথু ফেলতে দেখা যায়।

অথচ, দিল্লি পুলিশ তদন্ত করে জানায় যে, একটি ই-রিকশা থেকে দুর্ঘটনাবশত কাঁচের প্যানেল পড়ে যাওয়ায় ওই রাস্তাটিতে কাঁচ ছড়িয়েছিল। জি নিউজের এই দায়িত্বজ্ঞানহীন ভূমিকার নিন্দা জানিয়ে এনবিডিএসএ বলে, কোনো তথ্য যাচাই না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কলঙ্কিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই চেষ্টা অত্যন্ত অনুচিত। পরবর্তীতে চ্যানেলটি মাত্র এক মিনিটের একটি দুঃখপ্রকাশের নোটিশ দিলেও সংস্থাটি তা অপর্যাপ্ত বলে খারিজ করে দেয় এবং ইন্টারনেট থেকে অনুষ্ঠানটি মুছে ফেলার নির্দেশ দেয়।

শোকগ্রস্ত মায়ের জোরপূর্বক সাক্ষাৎকার: ২৫,০০০ টাকা জরিমানা

সবচেয়ে সংবেদনশীল ও অমানবিক আচরণ ধরা পড়েছে খুনের মামলায় অভিযুক্ত এক যুবকের মায়ের সাক্ষাৎকার নেওয়ার ঘটনায়। তীব্র মানসিক কষ্টে থাকা ওই মা যখন বারবার সাংবাদিকদের চলে যেতে অনুরোধ করছিলেন এবং কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন জি নিউজের রিপোর্টার জোরপূর্বক তার সাক্ষাৎকার নিতে থাকেন এবং পরবর্তীতে তা টিভিতে ও অনলাইনে প্রচার করা হয়।

এই ঘটনাকে “সদাচার, শালীনতা এবং গোপনীয়তার” চরম লঙ্ঘন উল্লেখ করে জি নিউজকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে ডিজিটাল সব মাধ্যম থেকে এই ভিডিওটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জি নিউজের বিরুদ্ধে এই তিনটি অভিযোগই দায়ের করেছিলেন সমাজকর্মী ইন্দ্রজিৎ ঘোরপাড়ে। তবে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের এমন গুরুতর অপরাধের বিপরীতে এই শাস্তির পরিমাণকে অত্যন্ত “নরম ও অপর্যাপ্ত” বলে দাবি করেছেন তিনি।

ইন্দ্রজিৎ ঘোরপাড়ে বলেন, “আমি এনবিডিএসএ-কে তাদের আদেশ পুনর্বিবেচনা করতে এবং অপরাধের মাত্রা অনুযায়ী আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিতে অনুরোধ করেছি। যদি তারা যথাযথ ব্যবস্থা না নেয়, তবে আমি হাইকোর্টের দ্বারস্থ হব।”

উল্লেখ্য, এনবিডিএসএ-এর নিয়ম অনুযায়ী, বারবার একই ধরনের অপরাধ বা নিয়ম লঙ্ঘন করলে কোনো চ্যানেলের ওপর ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, শো বা অ্যাঙ্কর নিষিদ্ধ করা, এমনকি চরম ক্ষেত্রে লাইসেন্স বাতিলের সুপারিশ করারও বিধান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *