রোহিঙ্গা শরণার্থীদের সতর্ক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটিতে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত এলাকায় রোহিঙ্গাদের একটি অবৈধ বহুতল ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্ট প্রতিক্রিয়ার জবাবে শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের এ কথা বলেন আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভা ও রাজ্য সরকারের আওতাধীন এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন, কারণ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে এখনও নানা ধরনের জটিলতা ও প্রতিবন্ধকতা রয়েছে। মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরে শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন অথবা নিজ দেশে প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে আসলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি।
বিষয়টি নিয়ে তিনি মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে কথা বলেছেন। বাংলাদেশসহ পুরো অঞ্চলেই যে এই শরণার্থী সমস্যা প্রকট, সে কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে অবিচল ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে, সেলাঙ্গর রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন ২০১৬ সাল থেকেই এই অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে নোটিশ জারি, জরিমানা ও সমন্বিত অভিযানসহ বিভিন্ন আইনি প্রক্রিয়া চালিয়ে আসছে এবং শিগগিরই তা গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার জনগণকে, বিশেষ করে মুসলিম সমাজকে, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।