নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পার্বত্য সচিবের

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পার্বত্য সচিবের

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পার্বত্য সচিবের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম অনুসরণ করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থ, প্রয়োজনীয়তা এবং অগ্রাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি প্রকল্পের বিপরীতে অসংখ্য আবেদন জমা পড়ে। তাই নির্ধারিত নীতিমালার আলোকে প্রকৃত প্রয়োজন বিবেচনা করে উপযুক্ত প্রকল্প নির্বাচন করতে হবে।

মঙ্গলবার ঢাকার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, বরাদ্দকৃত বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এমন প্রকল্প গ্রহণ করতে হবে যা সরাসরি জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রকল্প গ্রহণ করলে কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন জরুরি।

তিনি আরও বলেন, বরাদ্দের সীমার মধ্যে কাজের পরিধি নির্ধারণ করে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি প্রকল্পের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন মোট পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থলে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাছ, মাংস ও সবজি মার্কেট সম্প্রসারণ ও সংস্কার প্রকল্প; খাগড়াছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ‘খাগড়াছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ ভবন নির্মাণ; জেলা সদরে মহিলা কলেজ সড়ক সংলগ্ন এলাকায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুল’ প্রতিষ্ঠা; দীঘিনালা উপজেলার বাবুছড়া বৌদ্ধবিহার, বড়াদম, বাঘাইছড়িসহ মোট আটটি বৌদ্ধবিহারের অসমাপ্ত কাজ সম্পন্নকরণে ২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প এবং দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে মহিলা সমিতির মাধ্যমে ১ কোটি টাকা ব্যয়ে গরু, ছাগল ও শুকর বিতরণ কর্মসূচি।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, উপসচিব মোহাম্মদ সামছুল হক, উপসচিব মোহাম্মদ সালাহউদ্দীন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী উপস্থিত ছিলেন।

এছাড়া পরিকল্পনা বিভাগ, অর্থ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সভায় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *