মণিপুরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার; সন্ত্রাসীদের ৩৪টি বাঙ্কার ধ্বংস
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সুরক্ষা সামগ্রী উদ্ধার করেছে। একই সঙ্গে একাধিক বাঙ্কার ও কৌশলগত অবস্থান ধ্বংস করা হয়েছে এবং চারজনকে যাচাই-বাছাইয়ের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ।
বুধবার (১৭ জুন) পরিচালিত অভিযানে কাঙ্গপোকপি জেলার লেইমাখং থানার আওতাধীন লেইলন ভাইফেই, লেইলন খুনৌ, এল. মুনলুই এবং কনসাখুল গ্রামে ব্যাপক তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে নিরাপত্তা বাহিনী ১১টি সিঙ্গেল-ব্যারেল ব্রিচ-লোডিং (এসবিবিএল) ১২-বোর বন্দুক, ১২-বোরের ২৯৪ রাউন্ড তাজা গুলি, দুটি গানপাউডারের প্যাকেট, ৩৪টি খালি ১২-বোর কার্তুজের খোসা এবং ছয়টি বুলেটপ্রুফ ভেস্ট উদ্ধার করে।
মণিপুর পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সংশ্লিষ্ট গ্রামগুলোর আশপাশে অবস্থিত ৩০টি বাঙ্কার, আউটপোস্ট এবং কৌশলগত ক্যাম্প সাইট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি চারজনকে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য আটক করা হয়েছে।
এদিকে একই জেলার সাইকুল থানার আওতাধীন পৃথক আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী চারটি বাঙ্কার ধ্বংস করে। এর মধ্যে থিংফাই গ্রামে দুটি এবং সি. খোলেন গ্রামে দুটি বাঙ্কার ছিল।
অন্যদিকে চুরাচাঁদপুর জেলার চুরাচাঁদপুর থানার আওতাধীন এস. নাবিল ও লোইলামকোই গ্রামে একটি অবৈধ চেকপোস্ট অপসারণের পাশাপাশি একটি বাঙ্কারও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জাতীয় মহাসড়ক-৩৭ দিয়ে ৩০০টি পণ্যবাহী যানবাহনকে নিরাপত্তা বাহিনীর পাহারায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা দিয়ে এসব যানবাহনের যাতায়াত নিশ্চিত করা হয়।
মণিপুর পুলিশ আরও জানিয়েছে, রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাহাড়ি ও উপত্যকা—উভয় অঞ্চলে মোট ১১৬টি নাকা চেকপোস্ট ও তল্লাশি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পুলিশের ভাষ্য, মণিপুরের সংঘাতপ্রবণ এলাকাগুলো থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, সুরক্ষিত অবস্থানগুলো অপসারণ এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।