রামগড়ে বিজিবির স্মৃতিসম্ভ পরিদর্শনে সেনাবাহিনীর এএফডব্লিউসি কোর্সের প্রশিক্ষণার্থীরা
![]()
জার্নাল প্রতিবেদক
উপমহাদেশের অন্যতম প্রাচীন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৩১ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের স্মারক রামগড় লোকাল ব্যাটালিয়ন স্মৃতিসম্ভ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এর প্রশিক্ষণার্থীরা।
সোমবার (২৭ জুলাই) খাগড়াছড়ির রামগড়ে অবস্থিত ঐতিহাসিক এ স্মৃতিসম্ভে তারা পরিদর্শনে যান। এ সময় প্রশিক্ষণার্থীরা বিজিবির প্রতিষ্ঠা, দীর্ঘ ইতিহাস, সীমান্ত রক্ষায় বাহিনীর ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীটির অবদান সম্পর্কে অবহিত হন।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৯৫ সালের ২৯ জুন পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে এ বাহিনীর যাত্রা শুরু হয়। তৎকালীন ব্রিটিশ প্রশাসন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বাহিনীটি গঠন করেছিল। পরবর্তীতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাহিনীটি সাংগঠনিকভাবে বিকশিত হয়ে আজকের আধুনিক ও পেশাদার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে রূপ নেয়।
দীর্ঘ ২৩১ বছরের অভিযাত্রায় বাহিনীটির নাম ও কাঠামো একাধিকবার পরিবর্তিত হয়েছে। বিভিন্ন সময়ে এটি ফ্রন্টিয়ার গার্ডস, বেঙ্গল মিলিটারি পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামে পরিচিত ছিল। স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিকায়নের ধারাবাহিকতায় বর্তমানে বাহিনীটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা স্মৃতিসম্ভের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাহিনীর ঐতিহাসিক বিবর্তন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমন, দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষামূলক পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব দেশের ঐতিহাসিক সামরিক প্রতিষ্ঠানগুলোর গৌরবময় ঐতিহ্য, ভূমিকা ও অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। একই সঙ্গে আন্তঃবাহিনী সমন্বয়, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হয়।
২৩১ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আজও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন, মানবপাচার রোধ এবং সীমান্তবর্তী জনপদের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রামগড়ের এই ঐতিহাসিক স্মৃতিসম্ভ সেই গৌরবময় অভিযাত্রার এক অনন্য সাক্ষী হিসেবে নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে তুলে ধরছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।