বান্দরবান সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে জারুলিয়াছড়ি ইউনিয়নের ৪৬ ও ৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী মিয়ানমারের গরবিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, আব্দুল করিমসহ আরও তিনজন বাংলাদেশি কোনো এক প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে চলাচলের সময় হঠাৎ একটি স্থলমাইনের ওপর পা পড়লে বিকট বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন এবং তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা এবং স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সীমান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। স্থলমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বিষয়টি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনাটি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে যাতায়াত না করার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা জানান, মিয়ানমারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অতীতের সংঘাতের কারণে এখনও বহু স্থানে স্থলমাইন থাকার আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত অতিক্রম করে অনিরাপদ এলাকায় প্রবেশ করলে প্রাণহানিসহ গুরুতর দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।