কক্সবাজারে ৩ নম্বর সংকেত, নির্দেশনা উপেক্ষা করে পানিতে নামছেন পর্যটকরা
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসহ দেশের কয়েকটি বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এর মধ্যেই টানা বৃষ্টিতে বৈরী হয়ে উঠেছে কক্সবাজারের আবহাওয়া। উত্তাল সমুদ্র ও বৃষ্টির মধ্যেও থেমে নেই পর্যটকদের আনাগোনা।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের উপস্থিতি বাড়তে দেখা যায়। কেউ সৈকতে হাঁটছেন, কেউ ঢেউয়ের সঙ্গে ছবি তুলছেন। তবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সতর্ক করতে এসব পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে।
কিছু কিছু পয়েন্টে লাল পতাকা উত্তোলন করা হলে সমুদ্রে গোসল করা ঝুঁকিপূর্ণ। কিন্তু তা উপেক্ষা করে অনেক পর্যটক পানিতে নামছেন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক হাসানুল হক বলেন, “সমুদ্র উত্তাল বলে আনন্দ হারানো যাবে না। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগছে। ঢেউও অনেক বড়। তবে আমরা গভীর পানিতে নামছি না।’
সুনামগঞ্জ থেকে আসা পর্যটক রাশেদ মিয়া বলেন, ‘কক্সবাজারে আসার পর আজকে বৃষ্টি পেলাম। আনন্দ করছি। প্রশাসনের নির্দেশনাও মেনে চলছি।’

আবার কিছু পর্যটক নির্দেশনা না মেনে সমুদ্র স্নানে ব্যস্ত সময় পার করছেন।
ফেনী থেকে আসা সাত্তার হোসেন বলেন, ‘টাকা খরচ করে কক্সবাজার উপভোগ করতে এসেছি। তাই সমুদ্র স্নান করছি। একটু পর চলে যাবো।’
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে পর্যটকদের নিরাপত্তায় সৈকতে সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। তারা নিয়মিত মাইকিং ও পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করছেন।
সি-সেইফ লাইভ গার্ড সদস্য মো. আব্দুস শুক্কুর বলেন, ‘সাগর উত্তাল থাকায় আমরা পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করছি। যারা পানিতে নামছেন বাঁশি বাজিয়ে তাদের পানি থেকে উঠে যেতে বলা হচ্ছে।’
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রে নামার আগে আবহাওয়ার সতর্কবার্তা ও নির্দেশনা মেনে চলা জরুরি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।