রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ পাচারের চেষ্টা, লংগদুতে ৭৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে ৭৮ লাখ ১৩ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের পরিমাণ ১ হাজার ৫৬২ দশমিক ৬৮ ঘনফুট। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে এসব কাঠ মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
গত ২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সর্বাতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন তালুকদারপাড়া এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ মজুত করে রেখেছে বলে তথ্য পায় বিজিবি।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন-এর নির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে সুবেদার মোহাম্মদ আবুল হাসেমের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তালুকদারপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬২ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ১৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা কাঠ রাঙীপাড়া বিট, পাবলাখালী রেঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বন থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও পাচারের এমন চেষ্টা বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে অবৈধভাবে কাঠ আহরণ ও পরিবহনের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন অধিনায়ক জানান, অসাধু কাঠ ব্যবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা করে থাকে। বন থেকে গাছ কেটে কাঠ পাচারের ফলে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিজিবির নিয়মিত তৎপরতা ও অভিযানের ফলে এ ধরনের পাচার প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।