ফটিকছড়ি সীমান্তে পৃথক অভিযানে ১৩ ভারতীয় গরু আটক করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পানুয়াছড়া, কয়লারমুখ ও রহমতপুর সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, পৃথক অভিযানের মধ্যে পানুয়াছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অফিসটিলা নামক স্থানে রাত আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু আটক করা হয়। পরে কয়লারমুখ বিওপির রহমতপুর এলাকায় সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে আরও দুটি ভারতীয় গরু আটক করে বিজিবির একটি টহল দল।
এ ছাড়া কয়লারমুখ এলাকায় সকাল আনুমানিক ৮টার দিকে পরিচালিত অপর একটি অভিযানে আরও ছয়টি ভারতীয় গরু আটক করা হয়। পৃথক তিনটি অভিযানে সর্বমোট ১৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকাণ্ড ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।
চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকার বাসিন্দাদেরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।