রাঙামাটিতে সময়মতো পৌরকর পরিশোধকারী ৫০ সেরা করদাতাকে সম্মাননা
![]()
জার্নাল প্রতিবেদক
সময়মতো পৌরকর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে রাঙামাটিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে ৫০ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে রাঙামাটি পৌরসভা।
সোমবার দুপুরে রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নিয়মিত ও সময়মতো পৌরকর পরিশোধে নাগরিকদের উৎসাহিত করতেই এ সম্মাননার আয়োজন করা হয়।
রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার যুহাদ বিন খলিল, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌরসভার নাগরিকদের কাছ থেকে আদায় করা করই পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি। যারা নিয়মিত ও সময়মতো পৌরকর পরিশোধ করছেন, তারা শুধু নিজেদের নাগরিক দায়িত্ব পালন করছেন না, একই সঙ্গে পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমেও সরাসরি অবদান রাখছেন।

অনুষ্ঠানে জানানো হয়, বকেয়াসহ রাঙামাটি পৌরসভা এ পর্যন্ত মোট ১৩ কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয়েছে। কর আদায়ের মাধ্যমে পৌরসভার রাজস্ব আয় বাড়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবা পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে।
সেরা করদাতাদের সম্মাননা প্রদানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সময়মতো পৌরকর পরিশোধকারীদের স্বীকৃতি দেওয়া হলে অন্য নাগরিকদের মধ্যেও কর পরিশোধের আগ্রহ বাড়বে। এর ফলে পৌরসভার রাজস্ব আদায় আরও বাড়ার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করার সুযোগ তৈরি হবে।
পৌরসভা কর্তৃপক্ষ আশা করছে, এ সম্মাননা ভবিষ্যতে অন্যান্য করদাতাকেও নির্ধারিত সময়ে পৌরকর পরিশোধে উৎসাহিত করবে এবং কর প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে আরও ইতিবাচক পরিবেশ তৈরি করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।