পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। একই সঙ্গে পর্যটনের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিতে তাদের সরাসরি এ খাতের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলা কনফারেন্স হলে ‘বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, পর্যটন খাতের মূল সুফল যেন স্থানীয় জনগণ পায়, সে জন্য তাদের সরাসরি এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও পর্যটনের টেকসই মান উন্নয়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ এবং এলজিইডিসহ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।

বান্দরবানকে একটি আদর্শ পর্যটননগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান নগরী গড়ে তোলা।’ দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এ শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের কাছে বান্দরবানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উন্নত পেশাদারি আচরণ, বিনয় ও আতিথেয়তার কৌশল রপ্ত করতে হবে।

তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল-মোটেলের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কিচেন ও টয়লেট জীবাণুমুক্ত রাখার পাশাপাশি বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা ও আতিথেয়তা নিশ্চিত করা জরুরি। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বান্দরবানকে বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করতে হবে।

কৃষি ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন পার্বত্য মন্ত্রী। তিনি জানান, পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রান্তিক চাষিদের অর্থনৈতিক ভাগ্যোন্নয়নে ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসব বৈঠকে পার্বত্য চট্টগ্রামের কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসের মতো সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, অ্যান্টিবায়োটিকমুক্ত দেশি মুরগি পালন, সাতিফসল চাষ এবং পাহাড়ি সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পাহাড়ের কৃষকদের দেশের মূল অর্থনীতিতে বড় ভূমিকা রাখার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সাচিং প্রু এমপি। পর্যটনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মনজুরুল হক এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *