নানিয়ারচরে ২০০ হেক্টর পাহাড়ি জমিতে জুম হলুদের আবাদ
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ের ঢালে প্রকৃতিনির্ভর জুম চাষে রাঙামাটির নানিয়ারচরে চলতি মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। কৃত্রিম সেচ ছাড়াই বৃষ্টির পানির ওপর নির্ভর করে চাষ করা এসব হলুদ ঘিরে আশাবাদী স্থানীয় জুমচাষিরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার জুমের হলুদসহ অন্যান্য ফসলের অবস্থাও ভালো বলে জানিয়েছেন তাঁরা।
নানিয়ারচর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় প্রায় ২০০ হেক্টর পাহাড়ি জমিতে জুম পদ্ধতিতে হলুদের চাষ হয়েছে। পাহাড়ি মাটি ও আবহাওয়া হলুদ চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতিবছরই এ ফসল উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় জুমচাষিরা।
জুম চাষ মূলত প্রকৃতিনির্ভর একটি কৃষিপদ্ধতি। পাহাড়ের ঢালে জমি প্রস্তুত করে বৃষ্টির পানির ওপর নির্ভর করে বিভিন্ন ফসলের চাষ করা হয়। এতে একই জমিতে ধান, হলুদ, মরিচ, কলা, মারফা ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন চাষিরা।
স্থানীয় জুমচাষি রূপালী চাকমা জানান, জুম চাষের শুরুতে পাহাড়ের ঝোপঝাড় ও জঙ্গল কেটে রোদে শুকানো হয়। এরপর চৈত্র-বৈশাখ মাসে শুকনো জঙ্গলে আগুন দিয়ে জমি প্রস্তুত করা হয়। প্রথম বৃষ্টির পর ভেজা মাটিতে দা দিয়ে ছোট ছোট গর্ত করে একসঙ্গে ধান, হলুদ, মরিচ, কলা, মারফাসহ বিভিন্ন ফসলের বীজ বপন করা হয়। পরে নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যার মাধ্যমে ফসল উৎপাদন করা হয়।
চলতি মৌসুমের ফসলের অবস্থা সম্পর্কে জুমচাষি রিতন চাকমা বলেন, আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টির পানি পাওয়ায় এবার জুমের হলুদ ও অন্যান্য ফসলের অবস্থা বেশ ভালো। প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত জুমের হলুদের স্বাদ ও গুণগত মানের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় জুমচাষিদের কাছে হলুদ শুধু একটি মসলা ফসল নয়, বরং পাহাড়ি কৃষি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে জুমের হলুদ উৎপাদন তাঁদের জন্য আশার কারণ হয়ে উঠতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।