কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে একই পুকুরে ডুবে দুই শিশুর এবং সকালে পৃথক ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়। পরপর তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ার নেজাম উদ্দিনের আট বছর বয়সী মেয়ে আলিফা এবং খোকনের চার বছর বয়সী মেয়ে রাইসামনি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।
রাইসামনির নানা মোহাম্মদ হোছাইন জানান, কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া থেকে রাইসামনি এক সপ্তাহ আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার বিকেলে সম্পর্কে খালা-ভাগ্নী দুই শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামের মাহমুদুল হকের দুই বছর বয়সী মেয়ে ফাইজাও পুকুরে ডুবে মারা যায়। হাসপাতাল সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই দিনে একই ইউনিয়নে পৃথক তিনটি ঘটনায় তিন শিশুর মৃত্যুতে স্থানীয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। অল্প বয়সী শিশুদের পানিতে ডুবে এমন প্রাণহানির ঘটনা আবারও বাড়ির আশপাশের পুকুর ও জলাশয় ঘিরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এনেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।