পাকিস্তানে সেনা অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর এক গোয়েন্দা ভিত্তিক অভিযানে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডন।
বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘অভিযান চলাকালীন সন্ত্রাসীদের সাথে তীব্র গুলি বিনিময় হয়েছিল এবং সন্ত্রাসীদের কমান্ডার রাহজাইব খুরেসহ পাঁচ সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।‘
বিবৃতিতে আরও বলা হয় যে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি এবং বেসামরিক লোকদের হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এলাকার স্থানীয়রা এই অভিযানের প্রশংসা করেছেন বলে জানিয়েছে আইএসপিআর।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেড়েছে সন্ত্রাসী হামলার পরিমাণ। বিশেষ করে ২০১৪ সালের পর সবচেয়ে বেশি আত্মঘাতী হামলার উদ্বেগজনক বৃদ্ধি দেখা গেছে চলতি বছর।
যার ফলে দেশটি থেকে সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করতে সামরিক বাহিনী বিভিন্ন অঞ্চলে যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করার লক্ষ্যে অভিযান চালাচ্ছে বলে সেনাবাহিনীর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
২০২৩ সালে আত্মঘাতী হামলার বিষয়ে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০১৪ সালের পর এই বছরে সর্বোচ্চ সংখ্যক আত্মঘাতী হামলার সাক্ষী হয়েছে। এসব হামলার অর্ধেকই হয়েছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।
পরিসংখ্যানে আরও বলা হয়, এসব আত্মঘাতী হামলায় প্রায় নিরাপত্তা বাহিনীর ৪৮ শতাংশ মৃত্যু এবং ৫৮ শতাংশ আহত হয়েছে।