ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগ ধানকারের মরদেহ উদ্ধার, আত্মহত্যার ধারণা
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধানকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সোমবার তার মরদেহ আগরতলার গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ত্রিপুরার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং পুলিশের জ্যেষ্ঠ সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের পরিস্থিতি উদঘাটনে শিগগিরই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
অনুরাগ ধানকার ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং ত্রিপুরা ক্যাডারের সদস্য ছিলেন। রাজ্য সরকারের নিয়োগের পর তিনি ২০২৫ সালের মে মাসে ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (হেড অব পুলিশ ফোর্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।