রোয়াংছড়ির বন্যাদুর্গত ১৫৭ পরিবারের পাশে বিজিবির বান্দরবান সেক্টর
![]()
জার্নাল প্রতিবেদক
টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় ১৫৭টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল-এর নেতৃত্বে রোয়াংছড়ি, উজানুপাড়া ও কানতারমুখ পাড়া এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির এবং সহকারী পরিচালক মো. সেলিম রানা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বন্যাকবলিত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে বিজিবির এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।