নিহত শিক্ষিকার পরিবারের জন্য ৪ লাখ টাকার সহায়তা, শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমতি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)। নিহত শিক্ষিকার অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে দুর্ঘটনার পরপরই পরিবারটিকে আরও ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ নিহত শিক্ষিকার স্বামী রিটন চাকমা এবং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, সহকারী পরিচালক হাফিজুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর শেষে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় আমাদের যে বোনের মৃত্যু হয়েছে, সেই শূন্যতা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকেই মারিশ্যা জোনের পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই ১ লাখ টাকা এবং আজ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আরও ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।’
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)সহ বিভিন্ন সরকারি সংস্থা পর্যায়ক্রমে নিহত শিক্ষিকার পরিবারকে আরও সহযোগিতা করবে।

জোন অধিনায়ক জানান, নিহত শিক্ষিকা সুমতি চাকমার শিশু কন্যা প্রান্তি চাকমার দায়িত্বও নিয়েছে মারিশ্যা জোন। শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চয়তায় না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে, দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সাজেক-মাচালং সড়কে দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। জোন অধিনায়ক জানান, সড়কের ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে ছয়টি স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
উল্লেখ্য, সন্তান প্রসবের উদ্দেশ্যে খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক-মাচালং সড়কের একুজ্জ্যাছড়ি এলাকায় বিজিবির একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শিক্ষিকা সুমতি চাকমা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।