দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াতে সর্বাত্মক উদ্যোগ নেবে সরকার: রাজস্থলীতে দীপেন দেওয়ান
![]()
জার্নাল প্রতিবেদক
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দুর্গত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা এবং তাদের সার্বিক সহায়তা নিশ্চিত করা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রাঙামাটির রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, ‘আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছি, তাদের সমস্যার কথা শুনছি এবং ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।’
তিনি বলেন, পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। দেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি নির্বিশেষে সব মানুষের সমান উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় তিনি জানান, সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও অব্যাহত রেখেছে। এবারের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করে তাদের আন্তরিক ধন্যবাদ জানান সংসদ সদস্য।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর সি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ-সভাপতি ছকির আহম্মদ, সহ-সভাপতি চাথোয়াই মারমা, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন, গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বিভিন্ন সরকারি দপ্তরে জনবল সংকট, অসমাপ্ত অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অতিরিক্ত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় দীপেন দেওয়ান সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে, তিনি উপজেলার তাইতংপাড়া এলাকায় হ্নারা খালের ওপর নির্মাণাধীন অসমাপ্ত সেতুর কাজ পরিদর্শন করেন এবং দ্রুত নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন এবং উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।