আসাম-বাংলাদেশ সীমান্তের ৩৯ কিমি এখনো অরক্ষিত- বিধানসভায় সীমান্ত সুরক্ষা মন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম সরকার জানিয়েছে, রাজ্যের বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের মোট ২৬৭.৫ কিলোমিটারের মধ্যে ২২৮.৫৪১ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে নদীবেষ্টিত ভূপ্রকৃতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির কারণে এখনো ৩৮.৯৫৯ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি।
বুধবার (২২ জুলাই) আসাম বিধানসভায় বিধায়ক বেবি বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের সীমান্ত সুরক্ষা ও উন্নয়নমন্ত্রী অতুল বরা এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৭.৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত ধুবড়ি, দক্ষিণ সালমারা-মানকাচর, কাছাড় এবং শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার মধ্য দিয়ে বিস্তৃত।
তিনি জানান, এখনো যেসব এলাকায় বেড়া নির্মাণ হয়নি, তার মধ্যে ৩৪.৬০৯ কিলোমিটার ধুবড়ি ও দক্ষিণ সালমারা-মানকাচর জেলার নদীবেষ্টিত অংশে অবস্থিত। এসব এলাকায় ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে কাঁটাতারের বেড়া নির্মাণ কঠিন।
এছাড়া শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীসংলগ্ন ৪.৩৫ কিলোমিটার সীমান্তে এখনো বেড়া দেওয়া হয়নি। মন্ত্রী জানান, ওই এলাকায় সীমান্তের ভারতীয় অংশে বসতি থাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আপত্তি জানিয়েছে, যার ফলে সেখানে বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি।
অতুল বরা আরও বলেন, সীমান্তের অবশিষ্ট অংশে বেড়া নির্মাণ ও সুরক্ষার দায়িত্ব ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
তিনি জানান, যেসব এলাকায় ভৌতভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব নয়, সেখানে নিরাপত্তা জোরদারে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (Comprehensive Integrated Border Management System-CIBMS) ব্যবহার করছে। পাশাপাশি নৌকা পর্যবেক্ষণ পোস্ট স্থাপন, পর্যবেক্ষণ টাওয়ার, যানবাহন ও মোটরবোট টহল, সিসিটিভি ক্যামেরা, প্যান-টিল্ট-জুম (PTZ) ক্যামেরা এবং বিএসএফের ওয়াটার উইংয়ের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
মন্ত্রী আরও জানান, শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর ৪.৩৫ কিলোমিটার অরক্ষিত সীমান্তেও বিএসএফ নিয়মিত টহল পরিচালনা করছে, যাতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ভারত-বাংলাদেশ সীমান্তের আসাম অংশসহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে শতভাগ কাঁটাতারের বেড়া নির্মাণে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অতুল বরা বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।