থানচির বড়পাথরে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
জানা গেছে, গত পরশু (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর (রাজা পাথর) এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।
নিখোঁজের পরদিন অর্থাৎ গতকাল (২৫ জুলাই) চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের উদ্ধারকারী দল নদীতে ব্যাপক তল্লাশি চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রবিবার সকালে ঘটনাস্থলের অদূরে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীনের ছেলে।
বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, বড়পাথর এলাকায় নৌকাডুবির এ ঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছিল। মাহিয়ানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই অভিযানের সমাপ্তি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।