নানিয়ারচরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগে ভাইভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে সরকারের প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এ ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ‘তথ্য আপা’ কর্মসূচির প্রতিনিধি। এ সময় মোট ১৩৩ জন প্রার্থী ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের জন্য ১৭ জন তথ্য সংগ্রাহক নিয়োগ দেওয়া হবে। এছাড়া আরও ২ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হবে। একই সঙ্গে সুপারভাইজার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সঠিক তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বলেও তারা জানান।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রাহক ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।