৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
![]()
জার্নাল ডেস্ক
মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিপো) থাকা প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে দেশটির সামরিক জান্তা সরকারের কাছে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক লুকানিসমান আওয়াং গত ২৩ জুলাই সিনেটে এ তথ্য জানান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’সহ একাধিক গণমাধ্যম তার বক্তব্য প্রকাশ করেছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সামরিক সরকার এসব নাগরিককে গ্রহণে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত হলে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ তাদের নিতে মালয়েশিয়ায় আসবে।
মালয়েশিয়ায় অবস্থানরত রাখাইন অঞ্চলের এক অভিবাসী অধিকারকর্মী বলেন, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কিছুজনকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হবে, যেন তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন। তবে বৈধ পাসপোর্ট থাকলে কেউ কেউ ভবিষ্যতে আইনগতভাবে আবার মালয়েশিয়ায় আসার সুযোগ পেতে পারেন।
দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার মিয়ানমারের নাগরিক প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে মালয়েশিয়ায় আশ্রয় নিচ্ছেন। এর মধ্যে গণহারে ফেরত পাঠানোর পরিকল্পনা শরণার্থী ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
এরই মধ্যে গত ২৩ জুলাই মালয়েশিয়া সরকার নতুন করে আগত শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধন ও পরিচয়পত্র (রিফিউজি কার্ড) প্রদান কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।