‘বনের জমি আর নষ্ট করা যাবে না’: বন রক্ষায় কঠোর বার্তা এমপি শাহজাহান চৌধুরীর

‘বনের জমি আর নষ্ট করা যাবে না’: বন রক্ষায় কঠোর বার্তা এমপি শাহজাহান চৌধুরীর

‘বনের জমি আর নষ্ট করা যাবে না’: বন রক্ষায় কঠোর বার্তা এমপি শাহজাহান চৌধুরীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বন বিভাগের জমি দখল ও অবৈধ ব্যবহার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বিটে ২০২৫-২৬ অর্থবছরে হেল্প প্রকল্পের আওতায় সৃজিত দেশীয় মিশ্র প্রজাতির দ্রুতবর্ধনশীল বাগান পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এমপি শাহজাহান চৌধুরী বলেন, “বনের জমি আর নষ্ট করা যাবে না। বন বিভাগের জমি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বেশি বেশি দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে বনাঞ্চলকে সমৃদ্ধ করতে হবে।”

পরিদর্শনকালে তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বন বিভাগের চলমান বৃক্ষরোপণ, পুনঃবনায়ন ও বন সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জালিয়াপালং বিটে আয়োজিত বৃক্ষরোপণ-সংশ্লিষ্ট এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন কেবল গাছের সমষ্টি নয়; এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বন সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে বনাঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য পুনরুদ্ধার করা সম্ভব। বনভূমি দখল, পাহাড় কাটা, অবৈধ বৃক্ষ নিধন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

অনুষ্ঠানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া-টেকনাফ) মো. মনিরুল ইসলাম, উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সিপিজি ও ইআরটি দলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উখিয়া ও টেকনাফের বনাঞ্চল সংরক্ষণে বৃক্ষরোপণ, পুনঃবনায়ন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পেলে বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এসব উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *